আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুন || শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত হোস্টেল ওয়ার্ডেন মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটন এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে জারি করা এক আদেশে জানানো হয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বিশাল কুমার এই ঘটনার ম্যাজিস্ট্রেট তদন্ত পরিচালনা করবেন। তদন্ত শেষে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে বিস্তারিত প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে জমা দিতে হবে।
সরকারি আদেশ অনুযায়ী, মধুবন এলাকার কাঠালতলি নিবাসী ২৪ বছর বয়সী মনীষা দাসকে গত ১০ই জুন আগরতলার শান্তিনিকেতন মেডিকেল কলেজে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর থেকেই বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। ম্যাজিস্ট্রেট তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। তদন্তে মৃত্যুর কারণ, ঘটনার প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট সকল বিষয় খতিয়ে দেখা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
এদিকে মনীষা দাসের পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তদন্তের রিপোর্ট প্রকাশের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
