নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১১ জুন || পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির আদেশকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। বদলির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল থেকে বাগান চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। পাশাপাশি দাবি পূরণ না হলে আগামী ১২ জুন থেকে কর্মবিরতিরও হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।
জানা গেছে, বুধবার সকাল ৯টা থেকে পশ্চিম লুধুয়া রাবার বাগানে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, মাত্র ৯ মাস আগে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফটিক জমাতিয়া। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বাগানের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
বিক্ষোভরত শ্রমিকদের দাবি, ফটিক জমাতিয়ার নেতৃত্বে বাগানের কাজকর্মে স্বচ্ছতা, শৃঙ্খলা ও গতিশীলতা এসেছে। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। ফলে হঠাৎ করে তাঁর বদলির সিদ্ধান্ত শ্রমিকদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
শ্রমিকদের বক্তব্য, বর্তমানে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের ওপর প্রায় ১৬০টি পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি বাগানের স্বাভাবিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তাঁদের আশঙ্কা।
বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফটিক জমাতিয়ার বদলির আদেশ প্রত্যাহার না করা হলে আগামী ১২ জুন থেকে তাঁরা কর্মবিরতি কর্মসূচিতে সামিল হবেন। ফলে বিষয়টি ঘিরে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এখন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন শ্রমিক মহল ও স্থানীয় বাসিন্দারা।
