ত্রিপুরায় পর্যটনের নতুন দিগন্ত: হেরিটেজ ভিলেজ, আধুনিক বিনোদন পার্ক ও শক্তিপীঠ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় মন্ত্রী সুশান্ত চৌধূরী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || রাজ্যের পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় মঙ্গলবার সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধূরী।
বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব, অধিকর্তা, জিরানীয়ার মহকুমা শাসক, নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা, সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলী এবং অন্যান্য আধিকারিকরা। এদিন জিরানীয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ ‘ত্রিপুরা হেরিটেজ ভিলেজ’, ‘সঙ্গীত এক্সপেরিয়েন্স’ এবং কলকাতার নিক্কো পার্কের আদলে গড়ে ওঠা আধুনিক বিনোদন পার্কের চলমান কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী সুশান্ত চৌধূরী প্রকল্পগুলির কাজের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এছাড়াও, উদয়পুরের বনদোয়ারে ৫১ শক্তিপীঠের অবিকল প্রতিরূপ নির্মাণ, ছবিমুড়ার পর্যটন অবকাঠামো উন্নয়ন, কসবেশ্বরী কমলাসাগর কালীবাড়ি এবং চতুর্দশ দেবতা মন্দির এলাকায় পর্যটন পরিকাঠামো উন্নয়নের কাজের অগ্রগতিও এদিন পৃথকভাবে পর্যালোচনা করা হয়।
রাজ্য সরকারের এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে ত্রিপুরার পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যোগ হবে এবং দেশ-বিদেশের পর্যটকদের কাছে রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*