মেধার মহোৎসব খোয়াই নতুন টাউন হলে: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল খোয়াই পুর পরিষদ

গোপল সিং, খোয়াই, ২৫ জুন || ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে এবং তাদের মেধার যথোপযুক্ত সম্মান জানাতে আজ এক জমকালো কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো। খোয়াই পুর পরিষদের উদ্যোগে আজ খোয়াই নতুন টাউন হলে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি বছরের টিবিএসই এবং সিবিএসই বোর্ড পরীক্ষায় যে সমস্ত ছাত্র-ছাত্রী ৬০ শতাংশ (৬০%) বা তার বেশি নম্বর পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে, মূলত তাদের সম্মানিত করতেই আজকের এই অনুষ্ঠান। শহরের একঝাঁক কৃতি ভাই-বোনদের এই সাফল্যের উদযাপনে আজ মেতে ওঠে গোটা টাউন হল প্রাঙ্গণ।
আজকের এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে খোয়াইয়ের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং পুর পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে শুভেচ্ছা স্মারক ও শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করতে মঞ্চে উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস, খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকূল দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্ম্মা এবং খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ড: নির্মল ভদ্র সহ পুর কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা কৃতি ছাত্র-ছাত্রীদের এই অসামান্য সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্ম্মা বলেন, “মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক হলো ছাত্রজীবনের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষায় ভালো ফলাফল করে খোয়াইয়ের ছাত্র-ছাত্রীরা যে মেধার পরিচয় দিয়েছে, তা আগামী দিনে তাদের আরও বড় লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।”
বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস ছাত্র-ছাত্রীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, কেবল ভালো নম্বর পাওয়াই নয়, আগামী দিনে উচ্চশিক্ষায় দীক্ষিত হয়ে একজন সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে এবং সমাজের কল্যাণে কাজ করতে হবে।” খোয়াই পুর পরিষদের এই প্রশংসনীয় উদ্যোগের ফলে সংবর্ধিত ছাত্র-ছাত্রী এবং তাদের উপস্থিত অভিভাবকদের মধ্যে এক অভূতপূর্ব আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*