জাতীয় স্তরে ত্রিপুরার জনস্বাস্থ্যের জয়জয়কার, প্রথমবারেই NQAS স্বীকৃতি অর্জন করল খোয়াইয়ের চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, প্রতি বছর কেন্দ্র থেকে মিলবে প্রায় ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা

গোপল সিং, খোয়াই, ২৫ জুন || খোয়াই জেলার চেবরীতে অবস্থিত ‘চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র’-এর ঝুলিতে যুক্ত হলো এক ঐতিহাসিক পালক। গ্রামীণ স্তরে সাধারণ মানুষকে উন্নত ও গুণগত স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে এক অভাবনীয় ও গৌরবময় সাফল্য অর্জন করেছে এই চিকিৎসালয়টি। আজ প্রকাশিত সরকারি ফলাফলে চেবরী প্রাইমারি হেলথ সেন্টার সফলভাবে জাতীয় স্তরের মর্যাদাপূর্ণ NQAS (National Quality Assurance Standards) মানদণ্ডে যোগ্যতা অর্জন করেছে।
উল্লেখ্য, NQAS হলো কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের একটি অত্যন্ত কঠোর ও জাতীয় মান নির্ধারণ ব্যবস্থা। এর মাধ্যমে দেশের সমস্ত সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির সেবার গুণগত মান, পরিকাঠামো, পরিচ্ছন্নতা এবং রোগী পরিষেবার চুলচেরা মূল্যায়ন করে এই জাতীয় স্বীকৃতি প্রদান করা হয়।
চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই মেগা সাফল্য প্রসঙ্গে হাসপাতালের ইনচার্জ ডঃ রঞ্জিত দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—কোনো রকম খামতি ছাড়াই, প্রথমবার আবেদন করেই চেবরী প্রাইমারি হেলথ সেন্টার এই আন্তর্জাতিক মানের জাতীয় স্বীকৃতিটি ছিনিয়ে এনেছে। ডঃ দেববর্মা বলেন, এই ঐতিহাসিক অর্জন হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মী এবং সমগ্র কর্মীবাহিনীর দিনরাতের নিষ্ঠা, অক্লান্ত পরিশ্রম ও দলগত প্রচেষ্টারই এক উজ্জ্বল প্রতিদান। এই জাতীয় স্বীকৃতি পাওয়ার ফলে চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত চেহারা আগামী দিনে আরও বদলে যাবে। NQAS স্বীকৃতির নিয়ম অনুযায়ী, এই হাসপাতালটি আগামী দিনগুলিতে প্রতি বছর কেন্দ্র সরকারের কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা করে বিশেষ আর্থিক সহায়তা বা অনুদান পাবে। এই অর্থ সম্পূর্ণভাবে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ক্রয়, রোগী পরিষেবা বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্যসেবার মানকে আরও আধুনিক করে তোলার ক্ষেত্রে ব্যয় করা হবে। এই সাফল্যে আজ খুশির হাওয়া গোটা খোয়াই জেলা জুড়ে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*