খোয়াইতে টাটা এআইজির সিএসআর তহবিলে ভ্রাম্যমাণ চিকিৎসা যান এর পথচলা শুরু, প্রত্যন্ত এলাকায় পৌঁছাবে স্বাস্থ্য পরিষেবা

গোপল সিং, খোয়াই, ২৫ জুন || খোয়াই জেলার প্রত্যন্ত এবং স্বাস্থ্য পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিতে আজ এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হলো। আজ, ২৫শে জুন ২০২৬, খোয়াই জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট বা ন্যাশনাল মোবাইল মেডিক্যাল ইউনিট (MMU)-এর আনুষ্ঠানিক শুভ সূচনা ও ফ্ল্যাগ-অফ করা হয়। টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি-এর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হেলথকেয়ার ইনিশিয়েটিভ বা সামাজিক দায়বদ্ধতা তহবিলের আর্থিক সহায়তায় এই অত্যাধুনিক চিকিৎসা যানটি জেলাকে উৎসর্গ করা হয়েছে।
খোয়াই জেলা প্রশাসন এবং খোয়াই জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আজকের এই মহতী উদ্বোধনী কর্মসূচির আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো জেলার পিছিয়ে পড়া ও দুর্গম অঞ্চলের জনজাতি এবং অন্যান্য অংশের মানুষের কাছে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্য পরিষেবা নিখরচায় পৌঁছে দেওয়া।
আজ সকাল ১১টায় আয়োজিত এই ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবুজ পতাকা নেড়ে এই মোবাইল মেডিক্যাল ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন খোয়াই জেলার জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায় সহ টাটা এআইজি-র মুম্বাই কেন্দ্রীয় কার্যালয় এবং আগরতলা আঞ্চলিক শাখার উচ্চপদস্থ আধিকারিক ও প্রতিনিধিরা। পাশাপাশি বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং জেলা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিক ও চিকিৎসকরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন।
প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এই ভ্রাম্যমাণ চিকিৎসা যানটি একটি চলন্ত হাসপাতালের মতো কাজ করবে। এটিতে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম, জীবনদায়ী ওষুধ এবং স্বাস্থ্য পরীক্ষার পরিকাঠামো থাকবে। অভিজ্ঞ চিকিৎসক ও নার্স সহ এই যানটি খোয়াই জেলার বিভিন্ন প্রত্যন্ত ও পাহাড়ি এডিসি ভিলেজগুলিতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিত সফর করবে এবং স্থানীয় নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও ওষুধ প্রদান করবে।
আজকের এই ফ্ল্যাগ-অফ অনুষ্ঠান শেষে জেলাশাসক রজত পন্থ এই মানবিক উদ্যোগের জন্য টাটা এআইজি সংস্থাকে ধন্যবাদ জানান। চিকিৎসা মহলের মতে, সরকারি ও বেসরকারি যৌথ প্রয়াসের এই উদ্যোগ খোয়াই জেলার প্রতিটি নাগরিকের জন্য সুলভ, সাশ্রয়ী এবং অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন মাইলফলক স্থাপন করল। এই ভ্রাম্যমাণ চিকিৎসা যানটি চালু হওয়ার ফলে মহকুমার প্রত্যন্ত এলাকার গরিব রোগীদের চিকিৎসার জন্য আর দূর-দূরান্তে ছুটে যেতে হবে না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*