আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || রাজধানীর হাওড়া নদী থেকে রমজান আলী নামে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই যুবককে আটক করেছে পশ্চিম থানার পুলিশ।
মঙ্গলবার পশ্চিম থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে থানার ওসি রানা চ্যাটার্জি জানান, গত ২৮ জুন হাওড়া নদী থেকে রমজান আলীর মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দুই যুবককে আটক করেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, তদন্ত এখনও চলমান রয়েছে। ঘটনার প্রতিটি দিক গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ২৮ জুন হাওড়া নদী থেকে রমজান আলীর মৃতদেহ উদ্ধার হওয়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করে।
