যানজট ও জলজটমুক্ত আগরতলা গড়তে মাঠে মেয়র দীপক মজুমদার, পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী পরিদর্শন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || আগরতলা শহরকে যানজট ও জলজটমুক্ত করে আরও পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী পর্যন্ত এলাকা পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এই পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন মেয়র-ইন-কাউন্সিলর রত্না দত্ত, ২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর হিসেবে, পাশাপাশি পিডব্লিউডি দপ্তরের ইঞ্জিনিয়ার, পুর নিগমের টাস্ক ফোর্সের কর্মী এবং অন্যান্য আধিকারিকরা।
পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরে যানজট কমানো, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং দীর্ঘদিনের জলজট সমস্যার স্থায়ী সমাধানে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণের কাজ জোরকদমে এগিয়ে চলছে। সেই কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করতেই এদিন এই পরিদর্শন করা হয়।
তিনি জানান, পোস্ট অফিস চৌমুহনী এলাকার ড্রেনেজ সংস্কারের কাজের পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করার অভিযানও গুরুত্ব সহকারে এগিয়ে চলছে। শহরের ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মেয়র আরও বলেন, উচ্ছেদ অভিযানের ফলে যেসব ফুটপাত ব্যবসায়ীর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতিও পুর নিগম মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিকল্প স্থানে পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি আশ্বাস দেন।
আগরতলা শহরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে পুর নিগমের এই উন্নয়নমূলক কর্মকাণ্ড আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান মেয়র।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*