শিক্ষা ও কাজের দাবিতে, নেশার বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান — ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || “শিক্ষা ও কাজের দাবিতে, নেশার বিরুদ্ধে লড়াই তীব্র করুন—ডিওয়াইএফআই-এর সদস্য হোন” এই স্লোগানকে সামনে রেখে বড়দোয়ালি কৃষ্টি ভবনে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই-এর ডুকলি বিভাগীয় কমিটির কনভেনশন।
সংগঠনের ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি গৌতম ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য, রাজ্য সম্পাদক নবারুন দেব, সর্বভারতীয় নেতৃত্ব সপ্তর্ষি দেব, পশ্চিমবঙ্গের যুব নেত্রী সোনামনি টুডু এবং ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক শুভংকর মজুমদার।
বক্তারা বর্তমান সময়ে যুব সমাজের সামনে শিক্ষা, কর্মসংস্থান এবং ক্রমবর্ধমান মাদকাসক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুলে ধরে যুবকদের ঐক্যবদ্ধভাবে গণআন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজকে সংগঠনের পতাকাতলে এসে আন্দোলনকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয়।
কনভেনশনে ডুকলি বিভাগের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক যুবক-যুবতী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগত অতিথি ও নেতৃত্বদের শহীদ ভগৎ সিং-এর প্রতিকৃতি সম্বলিত স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাপানিয়া এলাকার অসুস্থ শিশু মনুশ্রী চৌধুরীর পরিবারের চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান সংগ্রহ করা হয় এবং সেই সহায়তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই কনভেনশনে শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক দায়বদ্ধতা এবং মাদকবিরোধী আন্দোলনকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*