আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুলাই || সিনিয়র শিক্ষকদের টেট (TET) পরীক্ষা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার দাবিতে আগরতলার রাজপথে বৃহৎ শিক্ষক মিছিল ও সমাবেশের আয়োজন করেছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি (এইচ.বি. রোড) বা TGTA (H.B. Road) এবং TTA (H.B. Road)।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি করে সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা সম্পূর্ণভাবে প্রত্যাহার করুক। তাদের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসা সিনিয়র শিক্ষকদের আবার টেট পরীক্ষার আওতায় আনা তাঁদের পেশাগত মর্যাদা ও সামাজিক সম্মানের পরিপন্থী। তাই তাঁদের টেট পরীক্ষা থেকে স্থায়ী অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে।
এই দাবিকে সামনে রেখেই শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে আগরতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত সমাবেশে শিক্ষক নেতারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি (এইচ.বি. রোড)-এর সাধারণ সম্পাদক আশিস চৌধুরী বলেন, সিনিয়র শিক্ষকদের অভিজ্ঞতা ও অবদানকে যথাযথ মর্যাদা দিতে হলে তাঁদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতি দিতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সামাজিক সম্মান অক্ষুণ্ণ রাখতে কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে অর্ডিন্যান্স জারির দাবি জানান তিনি।
সমাবেশে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত থেকে দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
