নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০৫ জুলাই || সমবায় সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার কলাছড়া এলাকায় ভূরাতলী ল্যাম্পস লিমিটেডের উদ্যোগে এবং ত্রিপুরা সরকারের সমবায় দপ্তরের সহযোগিতায় এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক বিপুল ভৌমিক ও বিপ্লব সে, কলাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বন্দনা দাস, কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শৈলেন্দ্র ত্রিপুরা এবং ভূরাতলী ল্যাম্পস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অর্জুন দাস।
অনুষ্ঠানে অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান তাঁরা।
বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি মানবিক উদ্যোগ হিসেবে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এই উদ্যোগে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে ওঠে। উপস্থিত সকলেই আয়োজকদের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।
পরিবেশ সংরক্ষণ ও মানবসেবার সমন্বয়ে আয়োজিত এই কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। সমাজের প্রতি সমবায়ের দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই এই উদ্যোগকে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
