সুব্রত দাস, গন্ডাছড়া, ০৮ জুলাই || দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গন্ডাছড়া–রইস্যাবাড়ী সড়ক এবং গড়িয়াপাড়া–ভক্তপাড়া সংযোগ সড়কের সংস্কারের দাবিতে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও সুরাহা না মেলায় অবশেষে নিজেরাই রাস্তা মেরামতের কাজে নেমেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার দুরবস্থার বিষয়টি নিয়ে একাধিকবার পঞ্চায়েত প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের কাছে আবেদন জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন অসুস্থ ও প্রসূতি রোগীরা। জরুরি প্রয়োজনে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে ভাঙাচোরা ও কাদায় ভরা রাস্তার কারণে প্রায়ই বিপাকে পড়তে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অনেক সময় যানবাহন গ্রামে প্রবেশ করতে না চাওয়ায় রোগীদের কাঁধে করে বা দীর্ঘ পথ হেঁটে মূল সড়কে নিয়ে যেতে বাধ্য হন পরিবারের সদস্যরা।
দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে আর প্রশাসনিক উদ্যোগের অপেক্ষায় না থেকে সোমবার গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। ইট ও কংক্রিট দিয়ে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেন তারা। স্থানীয়দের জানিয়েছেন, প্রয়োজনীয় নির্মাণসামগ্রী নিজেদের মধ্যে চাঁদা তুলে সংগ্রহ করে ধাপে ধাপে পুরো রাস্তা সংস্কারের চেষ্টা চালিয়ে যাবেন।
গ্রামবাসীদের এই উদ্যোগ একদিকে যেমন এলাকার দীর্ঘদিনের ভোগান্তির চিত্র তুলে ধরেছে, অন্যদিকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। স্থানীয়দের আশা, এবার প্রশাসন বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে স্থায়ী সমাধানের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
