আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || দুরারোগ্য ব্যাধি স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ)-তে আক্রান্ত মাত্র ২২ মাসের শিশু মানশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। সেই চিকিৎসা ব্যয়ে সহায়তার হাত বাড়িয়ে দিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ‘সৎ ভাবনা’।
বুধবার সংগঠনের পক্ষ থেকে মানশ্রীর পরিবারের হাতে ৮৬ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের সদস্যরা জানান, শিশুটি একটি জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকলেও এর জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়িত্ববোধ থেকেই এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি রাজ্যের সকল শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে সামর্থ্য অনুযায়ী শিশুটির চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের সদস্যদের বক্তব্য, একজন অসুস্থ শিশুর জীবন বাঁচাতে সমাজের সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে বড় শক্তি। সকলের আন্তরিক সহযোগিতা ও মানবিক সহমর্মিতাই মানশ্রীর চিকিৎসার পথকে আরও সহজ ও আশাব্যঞ্জক করে তুলতে পারে।
