ন্যাশনাল ফিস ফার্মার্স ডে উপলক্ষে সাব্রুমে মৎস্যচাষীদের কর্মশালা, সফল চাষীদের সংবর্ধনা

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১০ জুলাই || ন্যাশনাল ফিস ফার্মার্স ডে উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার সাতচাঁদ-কালাপানিয়া কমিউনিটি হলে প্রায় ১০০ জন মৎস্যচাষীকে নিয়ে একদিনের একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় আধুনিক মৎস্যচাষ, উৎপাদন বৃদ্ধি এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির সদস্য সমীর পাল। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের সুপারিনটেনডেন্ট অজয় দাস, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিকসহ মৎস্য দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
স্বাগত ভাষণে অজয় দাস ন্যাশনাল ফিস ফার্মার্স ডে পালনের তাৎপর্য তুলে ধরে ভারতীয় মৎস্যচাষে ড. হীরালাল চৌধুরী এবং ড. কে. এইচ. আলিকুনির ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারতীয় কার্প জাতীয় মাছের প্রণোদিত প্রজনন প্রযুক্তির বিকাশ দেশের মৎস্য উৎপাদনে নতুন দিগন্তের সূচনা করেছে।
কর্মশালায় সাব্রুম মহকুমায় মৎস্যচাষের বর্তমান অগ্রগতি, উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যচাষীদের জন্য চালু থাকা বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মাছ উৎপাদনে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনজন সফল মৎস্যচাষীকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত মৎস্যচাষীরা বিশেষজ্ঞদের কাছ থেকে আধুনিক মৎস্যচাষের বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন। আয়োজকদের মতে, এ ধরনের কর্মশালা মৎস্যচাষীদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদন আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*