আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই || আগরতলার আশ্রম চৌমুনীস্থিত ইসকন হরেকৃষ্ণ মন্দিরের উদ্যোগে ১৬ই জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায় ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের শুভ সূচনা হবে। প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রার আয়োজন করা হয়েছে।
এবারের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া এবং সাংসদ রাজীব ভট্টাচার্য।
রথযাত্রা উপলক্ষে রথটি সাতদিন গুন্ডিচা মন্দিরে অবস্থান করবে। এই সময় সেখানে রথের মেলার পাশাপাশি বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিদিন আধ্যাত্মিক নাটক, ভজন, নৃত্য পরিবেশনার পাশাপাশি ভক্তদের মধ্যে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হবে।
আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের উৎসবের পরিসমাপ্তি ঘটবে। সমাপনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের।
ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, রথযাত্রা উৎসবে অংশ নিয়ে শ্রীজগন্নাথদেবের আশীর্বাদ লাভের জন্য সকল ভক্ত ও সাধারণ মানুষকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
