আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই || মেলাঘরে বৃহস্পতিবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র উলটোরথ উৎসব। ভক্তি, বিশ্বাস ও ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধনে মুখরিত হয়ে ওঠে জগন্নাথ বাড়ি প্রাঙ্গণ।
উৎসব উপলক্ষে সকাল থেকেই জগন্নাথ বাড়ি এলাকায় ভক্তদের ঢল নামে। সুসজ্জিত রথে বিরাজমান ভগবান জগন্নাথ, বলদেব ও সুভদ্রাকে এক নজর দেখার জন্য ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। রথের দড়ি টানতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে প্রাণবন্ত করে তোলে।
ভক্তদের উচ্ছ্বাস, শঙ্খধ্বনি, কীর্তন ও জয়ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। আধ্যাত্মিক আবহ ও জনসমুদ্রের এই মহামিলন মেলাঘরের উলটোরথ উৎসবকে আরও অনন্য ও স্মরণীয় করে তোলে।
স্থানীয়দের মতে, মেলাঘরের উলটোরথ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি এলাকার মানুষের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। প্রতি বছরের মতো এবারও উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল বিপুল উৎসাহ ও উদ্দীপনা।
