সাবরুমে সুব্রত মুখার্জী কাপ অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন সাতচাঁদ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৩ জুলাই || দক্ষিণ ত্রিপুরার সাবরুমে ৬৫তম সুব্রত মুখার্জী কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দক্ষিণ জেলা ভিত্তিক অনূর্ধ্ব-১৭ বালিকা এস. এম. কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাতচাঁদ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়। বৃহস্পতিবার সাবরুম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে সাতচাঁদ বিদ্যালয়ের বালিকা দল টাইব্রেকারে ৪-২ গোলে শান্তিরবাজার বগাফা আশ্রমটিলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জয় করে।
ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে সাবরুম মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল দক্ষিণ জেলার কিশোরী ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং খেলাধুলার প্রতি তাদের আরও উৎসাহিত করা।
প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই সাবরুম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী বালিকা ফুটবল দলগুলি মাঠে উপস্থিত হয়। তরুণী ফুটবলারদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী দর্শকরাও।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুম মহকুমা স্পোর্টস অফিসার জিমি দেববর্মা, সাবরুম নগর পঞ্চায়েতের সদস্য দীপক দাস, ক্রীড়া দপ্তরের আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলার আহ্বান জানান।
ফাইনাল ম্যাচে সাতচাঁদ দ্বাদশ শ্রেণি বিদ্যালয় এবং শান্তিরবাজার বগাফা আশ্রমটিলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মধ্যে শুরু থেকেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। নির্ধারিত সময়ে উভয় দলই গোলের সুযোগ তৈরি করলেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয় এবং ফলাফল নির্ধারণের জন্য খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে সাতচাঁদ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের বালিকা দল অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দেয়। শেষ পর্যন্ত তারা ৪-২ গোলে প্রতিপক্ষকে পরাজিত করে বিজয়ের মুকুট অর্জন করে। জয়লাভের পর সাতচাঁদ বিদ্যালয়ের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।
ক্রীড়া মহলের মতে, এই প্রতিযোগিতা দক্ষিণ জেলার অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবলারদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে। ক্রীড়া দপ্তরের এই ধরনের উদ্যোগ আগামী দিনে রাজ্যের বালিকা ফুটবলারদের রাজ্য ও জাতীয় স্তরে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*