ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে সাব্রুমে গণধর্মঘট, নারী সংরক্ষণ বিল কার্যকরের দাবি

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৩ জুলাই || দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং নারী সংরক্ষণ বিল অবিলম্বে কার্যকর করার দাবিতে বৃহস্পতিবার সাব্রুম শহরে গণধর্মঘট ও রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি পালন করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সাব্রুম মহকুমা এদিন সকাল ১১টা থেকে সাব্রুম শহরের সিটু সংগঠনের কার্যালয়ের সম্মুখে সংগঠনের সদস্য ও মহিলারা একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকাজুড়ে প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।
ধর্না মঞ্চ থেকে বক্তারা দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা নারী নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। পাশাপাশি নারী সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করা এবং নারীদের উপর নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়।
পরে সিটু কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সম্পাদিকা স্বপ্না বণিক। তিনি বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হতে হবে। একই সঙ্গে নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিপুল সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*