আপডেট প্রতিনিধি, নয়াদিল্লী, ২৪ জুলাই || দীর্ঘ ২৬ দিনের অনশন শেষে অবশেষে অনশন ভাঙলেন লাদাখের বিশিষ্ট অধিকারকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার গভীর রাতে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা, জিতেন্দ্র সিং এবং লেহ লাদাখ অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি অনশন প্রত্যাহার করেন।
অনশন ভাঙার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় সোনম ওয়াংচুক জানান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৬৫ জন সাংসদ ব্যক্তিগতভাবে অথবা চিঠির মাধ্যমে তাকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন। দীর্ঘ আলোচনার পর এবং দেশের সামগ্রিক পরিস্থিতি ও সম্ভাব্য অশান্তির বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি আরও জানান, অনশন প্রত্যাহারের পেছনে যেসব শর্ত ও সমঝোতা রয়েছে, সেগুলোর বিস্তারিত শিগগিরই একটি পৃথক ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ করা হবে। পাশাপাশি দেশজুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন, যাতে কোথাও কোনো ধরনের সহিংসতা বা অস্থিরতা সৃষ্টি না হয়।
এদিকে সোনম ওয়াংচুকের অনশন ভাঙার খবর প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ‘এক্স’-এ একটি বার্তা পোস্ট করেন। প্রধানমন্ত্রী তাঁর পোস্টে সোনম ওয়াংচুকের দ্রুত আরোগ্য কামনা করে লেখেন, চিকিৎসকদের পরামর্শ মেনে চলার পাশাপাশি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তাঁর সুস্থতা ও মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
দীর্ঘ অনশনের পর সোনম ওয়াংচুকের এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন সকলের নজর তাঁর ঘোষিত শর্তাবলীর বিস্তারিত প্রকাশের দিকে।
