প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম্’, সাব্রুমের বিদ্যালয়ে জাগ্রত হচ্ছে জাতীয় চেতনা

বলরাম দেবনাথ, সাব্রুম, ২৪ জুলাই || ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুসারে সাব্রুম মহকুমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিনের প্রার্থনা সভার সূচনা হচ্ছে ভারতের রাষ্ট্রগীত ‘বন্দে মাতরম্’ পরিবেশনের মাধ্যমে। এই উদ্যোগকে ঘিরে বিদ্যালয়গুলিতে জাতীয় চেতনা, শৃঙ্খলা ও দেশপ্রেমের পরিবেশ আরও দৃঢ় হয়ে উঠছে।
মহকুমার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পিএম শ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিয়মিতভাবে এই নির্দেশিকা বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিদিন সকালে বিদ্যালয়ের ঘণ্টা বাজার পর নির্ধারিত নিয়মে প্রার্থনা সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা একসঙ্গে সমবেত হয়ে আন্তরিকতার সঙ্গে ‘বন্দে মাতরম্’ গেয়ে দিনের সূচনা করেন। রাষ্ট্রগীতের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, প্রতিদিন ‘বন্দে মাতরম্’ গাওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ, পারস্পরিক ঐক্য এবং জাতীয় দায়িত্ববোধ গড়ে উঠছে। একই সঙ্গে জাতীয় শিক্ষানীতি (NEP 2020)-এর আলোকে মূল্যবোধভিত্তিক শিক্ষার লক্ষ্য বাস্তবায়নেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ সংবাদমাধ্যমকে জানান, শিক্ষা দপ্তরের এই ইতিবাচক উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক, নৈতিক ও চারিত্রিক বিকাশে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে। তাঁর মতে, বিদ্যালয়ে জাতীয় চেতনা ও সাংবিধানিক মূল্যবোধ বিকাশে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিদ্যালয়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরাও। তাঁদের আশা, এমন উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে ওঠার মানসিকতা আরও সুদৃঢ় হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*