বিলোনিয়ার মাটি থেকে বিশ্বমঞ্চে জুডো কন্যা অস্মিতা, জমকালো সংবর্ধনায় সম্মানিত

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৪ আগস্ট || বিলোনিয়ার প্রত্যন্ত মাটি থেকে উঠে এসে বিশ্বমঞ্চে ভারতের তেরঙা উড়িয়েছেন জুডো কন্যা অস্মিতা দে। কমনওয়েলথ গেমসের জুডো প্রতিযোগিতার ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে স্বর্ণপদক জয় করে তিনি আজ ত্রিপুরা তথা দেশের গর্ব। তাঁর ঐতিহাসিক সাফল্যকে সম্মান জানাতে বৃহস্পতিবার বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের।
ঘরের মেয়ে বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করে বিলোনিয়ায় ফিরতেই তাঁকে ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। স্থানীয় ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। অনুষ্ঠানে বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অস্মিতা দে-কে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা অস্মিতার অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয় করে অস্মিতা শুধু নিজের কৃতিত্বই প্রতিষ্ঠা করেননি, বিশ্বদরবারে ত্রিপুরা ও ভারতের গৌরবও বৃদ্ধি করেছেন। তাঁর এই সাফল্য প্রমাণ করেছে, সঠিক সুযোগ, কঠোর পরিশ্রম ও নিষ্ঠা থাকলে প্রত্যন্ত এলাকার প্রতিভারাও বিশ্বমঞ্চে সাফল্যের স্বাক্ষর রাখতে পারে।
বক্তারা আরও বলেন, অস্মিতার কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অদম্য মানসিকতা আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বিশেষ করে রাজ্যের উদীয়মান নারী ক্রীড়াবিদদের কাছে তিনি একজন আদর্শ ও রোল মডেল।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি, বিধায়িকা সপ্না মজুমদার, বিশিষ্ট ব্যক্তিত্ব দীপায়ন চৌধুরী ও নিখিল চন্দ্র গোপ-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এছাড়াও বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, স্থানীয় ক্রীড়াবিদ এবং অস্মিতার বহু অনুরাগী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান ঘিরে বিলোনিয়ায় ছিল উৎসবমুখর পরিবেশ। সকলেই অস্মিতার আগামী দিনের ক্রীড়া জীবনের আরও সাফল্য কামনা করেন। সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত অস্মিতা বিলোনিয়াবাসীর ভালোবাসা, আশীর্বাদ ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশ্বমঞ্চে সাফল্যের পর নিজের জন্মভূমিতে এমন উষ্ণ অভ্যর্থনা অস্মিতার ক্রীড়া জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলেই মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*