আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট || যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলায় পালিত হলো ৩৫তম মণিপুরী ভাষা দিবস। এই উপলক্ষে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মণিপুরী ভাষা, সাহিত্য, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধ উত্তরাধিকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, মণিপুরী ভাষা দিবসের এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদযাপন। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মণিপুরী ভাষা ও সংস্কৃতির ঐতিহ্যকে সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব আরও স্পষ্ট হয়।
এদিন ৩৫তম মণিপুরী ভাষা দিবসকে সামনে রেখে মণিপুরী সমাজের পক্ষ থেকে আগরতলা টাউন হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিলেরও আয়োজন করা হয়। মিছিলে মণিপুরী ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং ঐতিহ্য সংরক্ষণের বার্তা তুলে ধরা হয়।
ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা বহনকারী এই অনুষ্ঠানকে ঘিরে মণিপুরী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
