রাজধানীতে ইডি-র বড়সড় অভিযান, ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে টানা তল্লাশি

গোপাল সিং, খোয়াই, ১৯ আগস্ট || রাজধানী আগরতলায় বুধবার সকাল থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অভিযানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শহরের পরিচিত ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাসভবন ও বটতলা ফিটিং মার্কেটে অবস্থিত তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানে একযোগে তল্লাশি অভিযান চালান ইডি-র আধিকারিকরা।
জানা গেছে, আখাওড়া রোডে ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন পিইসি ব্রিক ফিল্ড এলাকায় শাহজাহান মিয়ার বাসভবনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ইডি-র একটি দল অভিযান চালায়। একই সময়ে দ্বিতীয় একটি দল বটতলা বাজারে তাঁর দোকানে পৌঁছে নথিপত্র ও অন্যান্য সামগ্রী খতিয়ে দেখে।
সূত্রের দাবি, বেআইনি আর্থিক লেনদেন এবং সীমান্তবর্তী এলাকার সঙ্গে সম্পর্কিত সন্দেহজনক বৈদেশিক মুদ্রা ও আর্থিক সংযোগের অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। অভিযানের আগে সংশ্লিষ্ট ব্যবসায়ীর আর্থিক লেনদেন ও গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছিল বলেও সূত্রের খবর।
তল্লাশি চলাকালীন ব্যবসায়ী শাহজাহান মিয়াকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। তদন্তকারীরা তাঁর ব্যবসার সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ ও বাজেয়াপ্ত করেছেন বলেও সূত্রের দাবি।
তবে ইডি-র অভিযানের কারণ সম্পর্কে শাহজাহান মিয়া নিজে কোনো স্পষ্ট তথ্য জানেন না বলে দাবি করেছেন। অন্যদিকে, অভিযান নিয়ে ইডি-র তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
তল্লাশিতে সংগ্রহ করা নথি ও অন্যান্য তথ্য খতিয়ে দেখার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পরবর্তী আইনি পদক্ষেপ নিতে পারে বলে জানা গেছে। পুরো ঘটনায় রাজধানীর ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ইডি-র আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ না হওয়া পর্যন্ত অভিযানের কারণ ও অভিযোগ সংক্রান্ত বিষয়গুলি তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি হিসেবেই বিবেচ্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*