সাব্রুমে ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উদযাপন, উপস্থিত কিউবার রাষ্ট্রদূত

বলরাম দেবনাথ, সাব্রুম, ২০ আগস্ট || কিউবার মহান বিপ্লবী নেতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাবরুমে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মারসান আগুইলেরা এবং কিউবা দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি।
বৃহস্পতিবার দুপুরে সাবরুমে পৌঁছালে আয়োজক কমিটির পক্ষ থেকে কিউবার রাষ্ট্রদূতকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। পরে সিপিআইএম পলিটব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী তাঁকে সসম্মানে মূল অনুষ্ঠান মঞ্চে নিয়ে যান। উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন তাপস দত্ত।
অনুষ্ঠানে কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মারসান আগুইলেরা ফিদেল কাস্ত্রোর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আয়োজকদের পক্ষ থেকে তাঁকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রদূত ভারত ও কিউবার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। দুই দেশের এই সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বর্তমান বিশ্বরাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান ও গুরুত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে ফিদেল কাস্ত্রোর আদর্শ, তাঁর রাজনৈতিক জীবন ও বিশ্ব রাজনীতিতে তাঁর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী। কিউবা দূতাবাসের ফার্স্ট সেক্রেটারিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে সাবরুমের স্থানীয় বামপন্থী কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*