৬ বাংলাদেশি নাগরিক আটক, দালাল চক্রের বিরুদ্ধে ক্ষোভ

গোপাল সিং, খোয়াই, ২০ আগস্ট || খোয়াই শহরের জেলা হাসপাতাল সংলগ্ন জিএবি চৌমুহনী এলাকা থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে খোয়াই থানার পুলিশ। তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে খোয়াই সীমান্ত দিয়ে ওই ছয়জন বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল বলে অভিযোগ। এরপর তারা দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন কাজে যুক্ত ছিল। পরে পুনরায় খোয়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা খোয়াই শহরে আসে।
বৃহস্পতিবার শহরের জিএবি চৌমুহনী এলাকায় তাদের সন্দেহজনক গতিবিধি নজরে আসে স্থানীয় সচেতন নাগরিকদের। বিষয়টি সঙ্গে সঙ্গে সুভাষপার্ক পুলিশ ফাঁড়িতে জানানো হয়। খবর পেয়ে ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন—অমলেশ চন্দ্র দাস (২৫), দীপ্ত চন্দ্র দাস (২০), রণ দাস (২৫), জানি দাস (১৮), প্রান্ত চন্দ্র দাস (২২) এবং রাসেল দাস (২১)। তাদের সকলের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার শাল্লা থানা এলাকার বিভিন্ন গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়দের একাংশের অভিযোগ, সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াতের ক্ষেত্রে যেসব দালাল বা মধ্যস্থতাকারী সক্রিয় রয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। তাদের দাবি, শুধু অনুপ্রবেশকারীদের আটক করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না; এর পেছনে থাকা চক্রের বিরুদ্ধেও তদন্ত চালানো প্রয়োজন।
পুলিশের পক্ষ থেকে আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের ভারতে প্রবেশ ও পুনরায় সীমান্ত পারাপারের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*