গৃহবধূর রহস্যজনক মৃত্যু, অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বলরাম দেবনাথ, সাব্রুম, ২০ আগস্ট || সাব্রুম থানার অন্তর্গত পূর্ব-হরিণা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত গৃহবধূর নাম ঝন্টু রানী দাস। পার্শ্ববর্তী একটি ঘর থেকে তাঁর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মৃতার স্বামী রঞ্জিত শুক্লা দাস পাশের ঘরেই উপস্থিত ছিলেন। তবে ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন। তাঁর এই বক্তব্যকে ঘিরে স্থানীয়দের মধ্যে সন্দেহ ও ক্ষোভ তৈরি হয়েছে। এটি আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে।
খবর পেয়ে সাব্রুম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানা গেছে।
ঘটনার পেছনে কোনো পারিবারিক বিবাদ বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সাব্রুম থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর স্থানীয়দের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*