মনু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাজ্যস্তরের খো-খো প্রতিযোগিতা, প্রস্তুতি বৈঠক সম্পন্ন

বলরাম দেবনাথ, সাব্রুম, ২১ আগস্ট || দক্ষিণ ত্রিপুরার সাতচাঁদ আর ডি ব্লকের অন্তর্গত মনু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব-১৭ (U-17) বালক ও বালিকা বিভাগের রাজ্যস্তরের স্কুল স্পোর্টস মিট—খো-খো প্রতিযোগিতা। এই গুরুত্বপূর্ণ ক্রীড়া আসরকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার সাতচাঁদ আর ডি ব্লকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিযোগিতার পরিকাঠামো, খেলোয়াড়দের আবাসন, নিরাপত্তা ব্যবস্থা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) সুমন রক্ষিত এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাষ লোধ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিপুল ভৌমিক, ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) সৌরদীপ দেবনাথ-সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক এবং স্থানীয় ক্রীড়া সংগঠকরা।
বৈঠকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং গোটা আয়োজনকে সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। প্রতিযোগিতা সফল করতে নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও দায়িত্ব সুচারুভাবে পালনের আশ্বাস দেন আধিকারিকরা।
রাজ্যস্তরের এই খো-খো প্রতিযোগিতাকে কেন্দ্র করে মনু ও পার্শ্ববর্তী এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের আশা, তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা দক্ষিণ ত্রিপুরার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*