আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট || রবিবার সন্ধ্যায় আগরতলার দ্য রয়্যাল লাউঞ্জে অনুষ্ঠিত হলো কাওয়ালি ও সুফি সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ‘দিওয়ানে-খাস’। আয়োজকদের দাবি, ত্রিপুরায় এই ধরনের কাওয়ালি ও সুফি সঙ্গীতের অনুষ্ঠান এই প্রথম। অনুষ্ঠানকে ঘিরে দর্শক-শ্রোতাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।
সোয়ারভাব (SwarVaab)-এর উদ্যোগে এবং মাটির টান (Matir Taan)-এর সহযোগিতায় আয়োজিত এই সঙ্গীতসন্ধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সঙ্গীতপ্রেমী মানুষের সমাগম ঘটে। বিকেল থেকেই অনুষ্ঠানস্থলে দর্শকদের ভিড় বাড়তে থাকে। সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে ভরে ওঠে অনুষ্ঠানস্থল।
কাওয়ালি ও সুফি সঙ্গীতের সুরে এক অনন্য আবহ তৈরি হয় দ্য রয়্যাল লাউঞ্জে। শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সুরের সঙ্গে তাল মিলিয়ে উপস্থিত দর্শকদের অনেককেই হাততালি দিয়ে শিল্পীদের উৎসাহ দিতে দেখা যায়। পুরো অনুষ্ঠানজুড়েই ছিল প্রাণবন্ত পরিবেশ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ত্রিপুরার সাংস্কৃতিক পরিসরে কাওয়ালি ও সুফি সঙ্গীতকে নতুনভাবে তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম আয়োজনেই দর্শকদের বিপুল সাড়া ও উপস্থিতি তাঁদের উৎসাহিত করেছে।
অনুষ্ঠান শেষে দর্শকদের মুখেও ছিল প্রশংসার সুর। অনেকেই জানান, ত্রিপুরায় এমন আয়োজন আগে খুব একটা দেখা যায়নি। কাওয়ালি ও সুফি সঙ্গীতের মনোমুগ্ধকর পরিবেশনা তাঁদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। আগামী দিনে ত্রিপুরায় আরও এমন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন সঙ্গীতপ্রেমীরা।
