গোপাল সিং, খোয়াই, ২২ আগস্ট || ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খোয়াই থানার সিঙ্গিছড়া এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। একই সাথে এই মানব পাচারচক্রের প্রধান পান্ডাকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছেন নিরাপত্তা কর্মীরা। ধৃত বাংলাদেশি নাগরিকদের পরিচয় পাওয়া গেছে—তারা হলেন বাংলাদেশ সুনামগঞ্জের বাসিন্দা রিপন তালুকদার, সুজাতা তালুকদার এবং এক নাবালক। অন্যদিকে ধৃত ভারতীয় পাচারচক্রের মূল পান্ডার নাম প্রিয়লাল সরকার, তার বাড়ি আগরতলার রামনগর এলাকায়। পাচারের কাজে ব্যবহৃত একটি চার চাকার গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ, যার রেজিস্ট্রেশন নম্বর TR01BC-0751।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের এক গোপন খবরের ওপর ভিত্তি করে খোয়াই থানার একটি বিশেষ টিম সিঙ্গিছড়া এলাকায় ওৎ পেতে বসে থাকে। সন্দেহজনক গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই উন্মোচিত হয় এই বেআইনি অনুপ্রবেশের ঘটনা। ঘটনার পরপরই পুলিশ চারজনকেই গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং পাচারে ব্যবহৃত গাড়িটিকেও নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে। খোয়াই থানার পুলিশ ধৃত অনুপ্রবেশকারীদের পাশাপাশি পাচারচক্রের মাস্টারমাইন্ড প্রিয়লাল সরকারকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে রাজ্যব্যাপী ছড়িয়ে থাকা আন্তঃসীমান্ত মানব পাচার নেটওয়ার্কের অন্য সদস্যদের বিষয়ে কতটা চাঞ্চল্যকর তথ্য বের করতে পারে, এখন সেদিকেই নজর সকলের।
