আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট || আগরতলার ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে শনিবার রাজ্যভিত্তিক বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে আয়োজিত নাট্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রাণী সরকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, নাট্যচর্চা শিশু-কিশোরদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি সমাজ সম্পর্কে গভীর উপলব্ধি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয় স্তর থেকেই নাট্যচর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে শিল্পীদের নিষ্ঠা, উদ্দীপনা এবং অসাধারণ পরিবেশনা সত্যিই প্রশংসনীয়। তাঁদের প্রতিভা আগামী দিনেও আরও বিকশিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ত্রিপুরার তরুণ প্রতিভারা আগামী দিনে তাঁদের মেধা ও প্রতিভার আলোয় উজ্জ্বল হয়ে উঠুক। একইসঙ্গে তাঁদের সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডল আরও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রী ও দলগুলির হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। বিদ্যালয় স্তরের এই ধরনের সাংস্কৃতিক আয়োজন ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
