বেলফাং নাকা পয়েন্টে পুলিশের বড় সাফল্য, ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই যুবক

গোপাল সিং, খোয়াই, ২৬ আগস্ট || খোয়াই জেলার বাইজালবাড়ি থানার অন্তর্গত বেলফাং নাকা পয়েন্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় বিপুল পরিমাণ অবৈধ গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, একটি সন্দেহজনক মোটরবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারে ব্যবহৃত মোটরবাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুই যুবকের নাম জীতেন্দ্র দেববর্মা, বাড়ি বগাবিল সূর্যপাড়া এবং উৎপল দেববর্মা, বাড়ি জুমিয়া কলোনি। আটক করা মোটরবাইকটির নম্বর TR-06-C-8127।
বাইজালবাড়ি থানার ওসি তিলক জমাতিয়া জানান, বেলফাং নাকা পয়েন্টে যানবাহন তল্লাশির সময় বাইকটির দুই আরোহীর আচরণ সন্দেহজনক মনে হয়। এরপর তাদের বহন করা ব্যাগে তল্লাশি চালাতেই গাঁজা উদ্ধার হয়।
ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে বাইজালবাড়ি থানায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কোনো স্থানীয় বা আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের শিকড় ও গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
বেলফাং নাকা পয়েন্টে পুলিশের এই সাফল্যে এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার হওয়ার বার্তা মিলেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*