গোপাল সিং, খোয়াই, ২৬ আগস্ট || খোয়াই থানাধীন ধলাবিল এলাকায় জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় সংলগ্ন একটি পুকুর থেকে এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বিষয়টি লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করলে পুকুরের জলে ভাসমান অবস্থায় একটি পচাগলা মৃতদেহ দেখতে পান। খবর দেওয়া হয় খোয়াই থানায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে মৃতের পরিচয় নিশ্চিত করেনি, স্থানীয় সূত্রের দাবি, মৃত যুবক খোয়াইয়ের চাম্পাহাওড় এলাকার বাসিন্দা বিমল তাঁতী, পিতা নিরাকর তাঁতী হতে পারেন।
উদ্ধার হওয়া মৃতদেহটি আদৌ বিমল তাঁতীর কিনা, সেই বিষয়ে ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তকরণের পরই নিশ্চিত হওয়া যাবে। একইসঙ্গে এটি কোনো দুর্ঘটনার ফল, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং পূর্ণাঙ্গ তদন্তের পরই ঘটনার প্রকৃত রহস্য সামনে আসবে।
