বলরাম দেবনাথ, সাব্রুম, ২৬ আগস্ট || বিলোনিয়া ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিল বিন্দাস বয়েস সাব্রুম। হাইভোল্টেজ ফাইনালে তারা ১-০ গোলে পরাজিত করে গোলমাল একাদশকে।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধেই একটি দুর্দান্ত গোল করে এগিয়ে যায় সাব্রুম। প্রথমার্ধের সেই ১-০ গোলের ব্যবধান শেষ পর্যন্ত আর বদলাতে পারেনি।
দ্বিতীয়ার্ধে গোল শোধের লক্ষ্যে মরিয়া হয়ে আক্রমণ চালায় গোলমাল একাদশ। পাল্টা ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আক্রমণ অব্যাহত রাখে সাব্রুমও। দুই দলের আক্রমণ ও প্রতি-আক্রমণে ম্যাচজুড়ে তৈরি হয় টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত রেফারির শেষ বাঁশি বাজতেই সাব্রুমের জয় নিশ্চিত হয়।
ফাইনাল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাস ও চিৎকারে মুখর হয়ে ওঠে গোটা ময়দান।
খেলা উপভোগ করতে এবং খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহম্মদ সাজ্জাদ পি, বিলোনিয়া পৌরসভার পৌরপিতা নিখিল চন্দ্র গোপ, ত্রিপুরা ফুটবল ফেডারেশনের সভাপতি প্রণব সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা।
দর্শকে পরিপূর্ণ গ্যালারি এবং মাঠে দুই দলের দুর্দান্ত ফুটবল— সব মিলিয়ে বিলোনিয়া ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্টের এই মেগা ফাইনাল বিলোনিয়ার ফুটবলপ্রেমীদের জন্য হয়ে রইল এক স্মরণীয় সন্ধ্যা।
