মূর্তি বাজারে বেহাল দশা, কাদা-মাটিতে নাকাল ক্রেতা-বিক্রেতা, খোয়াই পুর পরিষদের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

গোপাল সিং, খোয়াই, ১৭ সেপ্টেম্বর || খোয়াই শহরে উৎসবের মরশুমে অস্থায়ীভাবে মূর্ত্তি বাজার বসে বইমেলা মাঠে। কিন্তু খোয়াই পুর পরিষদের সঠিক তত্বাবধানের অভাবে এই মূর্ত্তি বাজারে বৃষ্টির মরশুম হয়ে উঠে কর্দমাক্ত। আজও খোয়াই শহরের ঐতিহ্যবাহী বইমেলা মাঠে বসেছে মৃৎশিল্পীদের প্রতিমা ও মূর্তি বাজার। কিন্তু পুর পরিষদের যথাযথ তদারকি ও পরিকাঠামোগত অব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পুরো মাঠ একাকার হয়ে গেছে কাদা-মাটিতে। ফলে চরম ভোগান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা মৃৎশিল্পী এবং উৎসবের কেনাকাটা করতে আসা সাধারণ ক্রেতারা। প্রতি বছরের ন্যায় এবারও খোয়াই মহকুমার বিভিন্ন গ্রামীণ অঞ্চল ও শহরের প্রান্তিক এলাকা থেকে মৃৎশিল্পীরা তাঁদের কষ্টার্জিত প্রতিমা বিক্রির উদ্দেশ্যে বইমেলা মাঠে সমবেত হয়েছেন। তবে মাঠজুড়ে জমে থাকা জল ও প্যাঁচপ্যাঁচে কাদার কারণে প্রতিমা ভেঙে যাওয়া ও ফিনিশিং নষ্ট হওয়ার প্রবল ঝুঁকিতে পড়েছেন তাঁরা। মাটিতে বা চট বিছিয়ে প্রতিমা রাখার মতোও সুব্যবস্থা নেই সেখানে। ফলে কাঙ্ক্ষিত বিক্রি না হওয়া এবং আর্থিক লোকসানের আশঙ্কায় মাথায় হাত পড়েছে কারিগরদের। অন্যদিকে, মূর্তি কিনতে আসা শহরবাসী ও ক্রেতাদের অভিযোগ—সম্পূর্ণ মাঠে কাদা-জল জমে থাকায় হাঁটাচলা করাই কঠিন হয়ে পড়েছে। একটু অসাবধান হলেই জুতো ও পরনের পোশাক কাদায় নষ্ট হয়ে যাচ্ছে। ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষেরই অভিযোগ, বিশ্বকর্মা পূজা ও দুর্গাপূজার প্রাক্কালে প্রতি বছরই এই মাঠে মূর্তি বাজার বসে—তা জানা সত্ত্বেও খোয়াই পুর পরিষদ থেকে মাঠের কাদা ঢাকতে ন্যূনতম বালি বা ইটের গুঁড়ো ফেলার কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পুর কর্তৃপক্ষের এই ধরনের উদাসীন মনোভাব ও অপরিকল্পিত ব্যবস্থাপনা নিয়ে এখন তীব্র ক্ষোভ প্রকাশ করছেন খোয়াইবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*