বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ সেপ্টেম্বর || গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে জোলাইবাড়ীর লতুয়া টিলা এলাকায়। মৃত শিশুর নাম তুষার মজুমদার।
জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯টা নাগাদ জোলাইবাড়ী ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। লতুয়া টিলা এলাকার বাসিন্দা সুশাঙ্কর মজুমদার স্ত্রী রেশমি রিয়াং মজুমদার এবং ৮ বছরের ছেলে তুষারকে নিয়ে একটি বাইকে করে জোলাইবাড়ীতে গণেশ পুজো দেখতে যাচ্ছিলেন। সেই সময় ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় আচমকাই বাইকের সামনে একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনজন।
দুর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তিনজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন।
কিন্তু শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ৮ বছরের তুষারের। বর্তমানে তার মা ও বাবা শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে নিহত শিশুর বাবার সঙ্গে কথা বলতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে তুষারের জেঠু শংকর মজুমদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানান।
তবে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাইকটি উধাও হয়ে যাওয়ার বিষয়টি নতুন করে রহস্যের সৃষ্টি করেছে। দুর্ঘটনার পর কে বা কারা বাইকটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। বাইকটি কেন সরিয়ে নেওয়া হলো এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে নানা জল্পনা।
ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ঘটনাস্থল থেকে বাইক উধাও হওয়ার বিষয়টি তদন্তের পরই স্পষ্ট হবে।
