গোপাল সিং, খোয়াই, ২২ সেপ্টেম্বর || আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ হিচাছড়া ভিলেজ কমিটির সচিরাম বাড়ি পার্ক বাজারে তিপ্রামথা পার্টির উদ্যোগে এক বিশাল ‘বাজার রেলি’ অনুষ্ঠিত হয়। এদিনের এই বর্ণাঢ্য বাজার রেলিতে মূল আকর্ষণ ছিল বিধায়ক রঞ্জিত দেববর্মা, টিটিএএডিসি-র এমডিসি দেবজিৎ ত্রিপুরা এবং তিপ্রামথা পার্টির জোলাইবাড়ি ব্লক সভাপতি হারা মজুমদার ত্রিপুরা’র উপস্থিতি। এছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা বিপুল সংখ্যায় স্বতঃস্ফূর্তভাবে রেলিতে অংশ নেন। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে মথা সমর্থিত প্রার্থীদের জয়ের আহ্বানে আয়োজিত এই মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণ নির্বাচনী উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে, নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের পরাস্ত করতে ও যৌথ কৌশল নির্ধারণে আজ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার রেস্ট হাউসে এনডিএ জোটের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জোটের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত থেকে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে একত্রিত হয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠক শেষে এনডিএ নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় যে, নির্বাচনী রণকৌশলকে আরও জোরদার করতে এবং সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে আগামী ২৬শে সেপ্টেম্বর বিরচন্দ্র মনু হাটে এনডিএ-র উদ্যোগে এক বিশাল যৌথ নির্বাচনী জনসভার আয়োজন করা হবে।
