আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর || দুর্গাপূজার আগে আগরতলায় টলিউডের জনপ্রিয় তারকা জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আসন্ন বাংলা ছবি ‘DeSu7’-এর প্রচারে মঙ্গলবার রাজধানী শহরে হাজির হন তাঁরা। প্রিয় তারকাদের এক ঝলক দেখতে দুপুর থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য ভক্ত। বিকেল গড়াতেই আগরতলার ঐতিহ্যবাহী চিলড্রেনস পার্ক পরিণত হয় কার্যত জনসমুদ্রে।
এসএসআর রূপসী সিনেমা-র উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রচার কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই অনুরাগীদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। এমএল প্লাজার স্মার্ট বাজারের সামনে ছবির প্রচারমূলক কাট-আউট উন্মোচন ও দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারকারা। এরপর এসএসআর রূপসী সিনেমার অডি-২-এ অনুষ্ঠিত হয় বিশেষ সাংবাদিক সম্মেলন।
সাংবাদিক সম্মেলনে ত্রিপুরাবাসীর ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি আসন্ন দুর্গাপূজায় পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে ‘DeSu7’ দেখার জন্য দর্শকদের আহ্বান জানান। আগরতলায় এসে যে উষ্ণতা ও ভালোবাসা তাঁরা পেয়েছেন, তা তাঁদের কাছে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি।
এদিন ত্রিপুরার চলচ্চিত্রপ্রেমীদের জন্য বড় ঘোষণা করেন দেব। তিনি জানান, ভবিষ্যতে ত্রিপুরার মনোরম লোকেশনে সিনেমার শুটিং করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী ছবিগুলিতে ত্রিপুরার স্থানীয় ও উদীয়মান শিল্পীদেরও সুযোগ দেওয়ার আশ্বাস দেন তিনি। দেবের এই বক্তব্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্থানীয় চলচ্চিত্রপ্রেমী ও সাংস্কৃতিক মহলে।
এদিকে ‘DeSu7’ ছবির পরিচালনার দায়িত্বেও রয়েছেন দেব। পরিচালক হিসেবে এই ছবির মাধ্যমেই তাঁর আত্মপ্রকাশ হতে চলেছে। আগামী ১৬ অক্টোবর, দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির। দেব ও শুভশ্রীর জনপ্রিয় জুটির সপ্তম ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধূমকেতু’ ছবির সাফল্যের পর ফের একসঙ্গে পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী। ২০০৮ সালে ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে যে জুটির রূপালি পর্দার পথচলা শুরু, পরবর্তীতে ‘খোকা ৪২০’, ‘খোকাবাবু’, ‘রোমিও’ এবং ‘পরান যায় জ্বলিয়া রে’-র মতো ছবির মাধ্যমে তা দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয়।
সেই জনপ্রিয় জুটিকে ফের বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তাঁদের অনুরাগীরা। মঙ্গলবার আগরতলায় দেব-শুভশ্রীর ঝটিকা সফর এবং ত্রিপুরায় ভবিষ্যতে শুটিং করার প্রতিশ্রুতি রাজ্যের সাংস্কৃতিক ও চলচ্চিত্র মহলেও নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে।
