সাগর দেব, তেলিয়ামুড়া, ০১ অক্টোবর || ফের বড় সাফল্য পেল খোয়াই জেলার মুঙ্গিয়াকামি থানার পুলিশ। পরিত্যক্ত অবস্থায় থাকা একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১৪ কেজি শুকনো গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য দেড় থেকে দুই লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মুঙ্গিয়াকামি থানার ওসি জানান, বুধবার গভীর রাতে আনুমানিক ১২টা নাগাদ থানার অফিসার ও কর্মীরা এলাকায় নাইট মোবাইল পেট্রোলিং ও নাকা চেকিং ডিউটিতে ছিলেন। সেই সময় রাস্তার পাশে দীর্ঘক্ষণ ধরে একটি গাড়িকে পার্কিং অবস্থায় দেখতে পান পুলিশকর্মীরা।
গাড়িটির আশপাশে কোনো চালক বা মালিককে দেখতে না পেয়ে পুলিশের সন্দেহ হয়। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও গাড়িটি নিতে কেউ না আসায় বিষয়টি আরও সন্দেহজনক মনে হয়। এরপর এসডিএমের উপস্থিতিতে এবং এনডিপিএস আইনের বিধি মেনে গাড়িটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগ খুলতেই তার মধ্যে প্যাকেটজাত অবস্থায় প্রায় ১৪ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়।
পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া গাঁজা ও গাড়ি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এই গাঁজা পাচারের সঙ্গে কারা জড়িত এবং গাড়িটি কার, তা জানতে তদন্ত শুরু হয়েছে। গাড়ির মালিকের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে।
ঘটনায় মুঙ্গিয়াকামি থানায় এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গাঁজা পাচারচক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
