২৪ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, পরীক্ষা শেষে নিখোঁজ ছাত্রী, পরিবারের অজান্তে প্রেমিকের সঙ্গে বিয়ে, সুস্থ থাকার খবর পেয়ে স্বস্তি পরিবারের

গোপাল সিং, খোয়াই, ০১ অক্টোবর || রাজ্যের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে নিখোঁজ হয়ে যাওয়া বিএমএলটি (ব্যাচেলর অব মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি) বিভাগের এক ছাত্রীর সন্ধান মিলল প্রায় ২৪ ঘণ্টা পর। পরিবারের অভিযোগের পর বিভিন্ন থানায় খোঁজাখুঁজি ও পুলিশের তৎপরতার মধ্যেই জানা যায়, পরীক্ষা শেষে ওই ছাত্রী তাঁর প্রেমিকের সঙ্গে চলে যান এবং পরবর্তীতে দু’জনে বিয়ে করেন। মেয়ে সুস্থ ও নিরাপদে রয়েছে জানতে পেরে দীর্ঘ উৎকণ্ঠার পর স্বস্তি ফিরেছে পরিবারের মধ্যে।
জানা গেছে, ওই ছাত্রীর বাড়ি খোয়াই থানার অধীন লালছড়া এলাকায়। তাঁর বাবা পেশায় গাড়িচালক। পড়াশোনার জন্য তিনি আগরতলার হলিক্রস কলেজ সংলগ্ন এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থেকে বিএমএলটি নিয়ে পড়াশোনা করছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার ইকফাই ইউনিভার্সিটিতে তাঁর পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন দুপুর প্রায় ২টা ৩০ মিনিটের পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরীক্ষা শেষ হওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না মেলায় বুধবার রাত প্রায় ৮টা নাগাদ লেফুঙ্গা থানায় একটি লিখিত মিসিং ডায়েরি করা হয়।
পরিবারের অভিযোগ, মিসিং ডায়েরি করার পরও প্রাথমিক পর্যায়ে তাঁরা পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা ও তৎপরতা পাননি। এরপর দিকবিদিক শূন্য হয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন থানায় যোগাযোগ করতে থাকেন। একপর্যায়ে বিষয়টি খোয়াইয়ের অ্যাডিশনাল এসপির নজরে আনা হয়।
এরপর পুলিশ ও প্রশাসনিক তৎপরতার মধ্যেই অবশেষে নিখোঁজ ছাত্রীর সন্ধান মেলে। জানা যায়, পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তিনি তাঁর প্রেমিকের সঙ্গে চলে যান এবং পরবর্তীতে দু’জনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বড় স্বস্তির বিষয়, তাঁদের মেয়ে সুস্থ ও নিরাপদে রয়েছেন। পাশাপাশি, তিনি নিজের সিদ্ধান্তেই বিয়ে করেছেন বলে জানা যাওয়ায় প্রায় ২৪ ঘণ্টার টানটান উৎকণ্ঠার পর কিছুটা স্বস্তি ফিরে আসে খোয়াইয়ের লালছড়ার ওই পরিবারে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*