নেশামুক্ত ভারত গড়ার বার্তা নিয়ে সাব্রুমে ম্যারাথন র‍্যালি, সচেতনতার বার্তা ছড়িয়ে দিলেন বিদ্যালয়ের ছাত্রীরা

বলরাম দেবনাথ, সাব্রুম, ০১ অক্টোবর || নেশামুক্ত ভারত গড়ার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে বৃহস্পতিবার সকালে সাব্রুম শহরে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক ম্যারাথন র‍্যালি। নেশার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রীরা।
বৃহস্পতিবার সকাল ৭টায় পিএমশ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এই ম্যারাথন র‍্যালির আয়োজন করা হয়। সাব্রুম শহরের নেতাজী চৌমুহনী থেকে মৈত্রী সেতু পর্যন্ত এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।
ম্যারাথনে বিদ্যালয়ের সমস্ত ছাত্রী অংশগ্রহণ করে নেশার বিরুদ্ধে সচেতনতার বার্তা তুলে ধরে। দৌড়ের মাধ্যমে নেশামুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি নেশামুক্ত ভারত গঠনের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
ম্যারাথনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে এলিনা ত্রিপুরা, কল্পনা ত্রিপুরা এবং টুশি দাস। সফল প্রতিযোগীদের অভিনন্দন জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।
ম্যারাথনে অংশগ্রহণের অভিজ্ঞতা এবং নেশামুক্ত ভারত গঠনের প্রয়োজনীয়তা নিয়ে সংবাদমাধ্যমের কাছে বক্তব্য রাখে বিদ্যালয়ের ছাত্রী স্নেহা দেবনাথ। তার বক্তব্যে উঠে আসে তরুণ প্রজন্মকে নেশার ভয়াবহতা থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার বার্তা।
সচেতনতামূলক এই ম্যারাথন র‍্যালি সাব্রুম শহরে নেশাবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*