তামিলনাড়ুর হোগেনাক্কাল কাবেরী নদীতে স্নান করতে নেমে নিখোঁজ সাব্রুমের যুবক, উৎকণ্ঠায় পরিবার

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৩ অক্টোবর || তামিলনাড়ুর হোগেনাক্কালে কাবেরী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের এক যুবক। নিখোঁজ যুবকের নাম হৃদয় চৌধুরী। নদীর প্রবল স্রোতে তলিয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনও সন্ধান না মেলায় গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন।
পরিবার সূত্রে জানা গেছে, হৃদয় চৌধুরী দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের মাধবনগরের বাসন্তী বাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা রঞ্জিত চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার হোসুরের জুজুভাড়ি এলাকায় বসবাস করতেন।
পরিবারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর দুপুর আনুমানিক দেড়টা নাগাদ বন্ধুদের সঙ্গে হোগেনাক্কালের কাবেরী নদীতে স্নান করতে যান হৃদয়। সেই সময় নদীর প্রবল স্রোতে তিনি তলিয়ে যান বলে জানা গেছে। এরপর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।
নিজের রাজ্য ও পরিবারের কাছ থেকে বহু দূরে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হৃদয়ের বাড়িতে নেমে এসেছে উদ্বেগের ছায়া। ছেলের কোনও খবর পাওয়ার আশায় অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। কখন প্রিয়জনের সন্ধান মিলবে, সেই উৎকণ্ঠায় সময় কাটছে তাঁদের।
এই ঘটনায় সংবাদমাধ্যমের সামনে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন নিখোঁজ যুবক হৃদয় চৌধুরীর মা এবং তাঁর কাকা সঞ্জিত চৌধুরী। তাঁদের বক্তব্যে পরিবারের গভীর উৎকণ্ঠা ও হৃদয়ের সন্ধান পাওয়ার আকুল প্রত্যাশার বিষয়টি উঠে আসে।
এখনও পর্যন্ত হৃদয় চৌধুরীর সন্ধান পাওয়া গিয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য খবরের অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।
সাব্রুমের এক যুবকের তামিলনাড়ুতে নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন তাঁর পরিবার ও পরিজনেরা। হৃদয়ের সন্ধান পাওয়ার আশায় দিন গুনছেন সকলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*