বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ অক্টোবর || কলসীরমুখ এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক স্কুটি চালকের। শুক্রবার সাতসকালে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থানার অন্তর্গত পশ্চিম চড়কবাই এলাকায়। মৃত ব্যক্তির নাম অজয় শীল শর্মা। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, অজয় শীল শর্মা নিজের কাজ সেরে TR 08 G 8309 নম্বরের স্কুটি নিয়ে জোলাইবাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে কলসীরমুখ এলাকায় পৌঁছতেই TR 03 J 1739 নম্বরের একটি মালবাহী ট্রাক তাঁর স্কুটিটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় স্কুটি থেকে ছিটকে জাতীয় সড়কের উপর পড়ে যান তিনি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জোলাইবাড়ি দমকল বাহিনীর কর্মীরা এবং বাইখোড়া থানার পুলিশ। তাঁরা উদ্ধার করে অজয় শীল শর্মাকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে মৃতদেহটি বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবার-পরিজন ও এলাকার বাসিন্দারা।
