খোয়াইয়ে কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী বিতরণ, মাটি পরীক্ষা করে উপযুক্ত ফসল চাষের আহ্বান দেবাশীষ নাথ শর্মার

গোপাল সিং, খোয়াই, ১৬ অক্টোবর || কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে খোয়াইয়ে স্থানীয় কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী বিতরণ করা হয়। ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে কৃষকদের হাতে তিনটি উইডার (Weeder) এবং পাঁচটি স্প্রে মেশিন তুলে দেওয়া হয়। আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে যাতে কৃষকরা আরও সহজে ও দক্ষতার সঙ্গে চাষাবাদ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা। তিনি কৃষকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে চাষাবাদ শুরুর আগে জমির মাটি পরীক্ষা করানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মাটি পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে জমির উপযোগী ফসল নির্বাচন করে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জমির মাটির গুণাগুণ সম্পর্কে সঠিক ধারণা থাকলে উপযুক্ত ফসল নির্বাচন করা সহজ হয়। এর ফলে কৃষিকাজের মান উন্নত করার পাশাপাশি ফসলের উৎপাদন বৃদ্ধিতেও সহায়তা পাওয়া সম্ভব।
এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর কাউন্সিলর শঙ্কু পাল, উত্তম চক্রবর্তী-সহ কৃষি দপ্তরের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কৃষকদের হাতে আধুনিক কৃষি সরঞ্জাম তুলে দেওয়ার পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের আশা, কৃষি সরঞ্জামের ব্যবহার এবং মাটি পরীক্ষার ভিত্তিতে ফসল নির্বাচন করার অভ্যাস গড়ে উঠলে খোয়াই এলাকার কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পথ আরও সুগম হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*