আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর || রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে শনিবার সকালে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এদিন জাতীয় ঐক্যের শপথ গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠান উপলক্ষে মুখ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় একতা দিবসের এই বিশেষ মুহূর্তে জাতীয় ঐক্যের শপথ গ্রহণের পাশাপাশি দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সকলকে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে হবে।
তিনি আরও বলেন, ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি তাঁর আদর্শ ও দূরদর্শী চিন্তাভাবনা থেকে অনুপ্রেরণা নেওয়ার সুযোগ করে দেয়। সর্দার বল্লভভাই প্যাটেলের দেখানো পথ অনুসরণ করে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
জাতীয় ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রীয় একতা দিবসের তাৎপর্য এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয়।
