নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০৫ নভেম্বর || ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বিএসএফ। সাব্রুম মহকুমার করিমা টিলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করার পাশাপাশি তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১,০১০টি সানগ্লাস।
জানা গেছে, গতকাল ভোররাতে করিমা টিলা সীমান্ত এলাকায় বিএসএফের ১২১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বিশেষ অভিযান চালান। সেই সময় সন্দেহভাজন এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। ধৃত ব্যক্তির নাম সালাউদ্দিন সুমন। তাঁর বাড়ি বাংলাদেশের ছাগলনাইয়া এলাকার চম্পকনগরে বলে জানা গেছে। আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া সানগ্লাসগুলি ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান।
পরবর্তী সময়ে বিএসএফের জওয়ানরা ধৃত সালাউদ্দিন সুমনকে মনুবাজার থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ অনুপ্রবেশ এবং পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও পাচারবিরোধী নজরদারি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে বিএসএফের তৎপরতা অব্যাহত রয়েছে।
