নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০৬ নভেম্বর || চুরি যাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে ইলেকট্রিক চালিত অটো উদ্ধার করে ফের একবার পুলিশের তৎপরতা ও সাফল্যের নজির গড়ল মনুবাজার থানার পুলিশ। পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরেছে গাড়ির মালিকসহ এলাকার সাধারণ মানুষের মধ্যে।
ঘটনার বিবরণে জানা যায়, সাব্রুমের দমদমা এলাকার বাসিন্দা ভাস্কর দাস কলাছড়া বাজারে ইলেকট্রিক সামগ্রীর ব্যবসা করেন। গতকাল সাপ্তাহিক বাজার উপলক্ষে তিনি TR08B2422 নম্বরের একটি ইলেকট্রিক চালিত অটো নিয়ে কলাছড়া বাজারে আসেন। বাজারের কাজকর্ম শেষ করে আনুমানিক রাত ৯টা নাগাদ নিজের গাড়ির কাছে ফিরে এসে দেখেন, নির্দিষ্ট স্থান থেকে অটোটি উধাও।
বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত কলাছড়া বাজার কমিটি এবং মনুবাজার থানায় খবর দেন। অভিযোগ পাওয়ার পরই মনুবাজার থানার ওসি সঞ্জীব দেববর্মনের নেতৃত্বে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। পুলিশের তৎপরতায় মাত্র দুই ঘণ্টার মধ্যেই শাকবাড়ি এলাকা থেকে চুরি যাওয়া ইলেকট্রিক অটোটি উদ্ধার করা সম্ভব হয়।
মনুবাজার পুলিশের এই দ্রুত সাফল্যে খুশি এলাকার সাধারণ মানুষ। যদিও মহকুমার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বাইক ও গাড়ি চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে চুরি যাওয়ার অল্প সময়ের মধ্যেই অটো উদ্ধার পুলিশের কার্যকর ভূমিকারই পরিচয় দিচ্ছে।
অন্যদিকে, নিজের হারানো অটো ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিক ভাস্কর দাস। তিনি মনুবাজার থানার পুলিশ এবং মনুবাজার অটো সিন্ডিকেটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।
