আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর ৷৷ রাজ্যের আইনি ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মহিলা সংক্রান্ত ক্রাইম বৃদ্ধি পাচ্ছে। কিছু মহিলা এসেছে তাদের অভিযোগ নিয়ে, যাদের মধ্যে কেউ মেয়ে হারিয়েছে, কেউ বোন হারিয়েছে, কেউ আবার মা হারিয়েছে। দু’দিনের রাজ্য সফরে এসে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে একথা বলেন কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার। বৃহস্পতিবার বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার বলেন, রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা সব কিছুতেই খামতি রয়ে গেছে। তিনি বলেন, এত বছর ক্ষমতায় থাকার পরেও রাজ্যে তেমন কোনো উন্নয়ন দেখা যায়নি। কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী ডঃ কুমার বলেন, আগরতলাকে স্মার্ট সিটি করতে কেন্দ্রীয় সরকার থেকে ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে।উজ্জলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করে বলেন, এই সব যোজনাতে দেশে ব্যাপক পরিবর্তন এসেছে। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, রাজ্য প্রভারি সুনীল দেওধর, নেত্রী কল্যানী রায়।
উল্লেখ্য বুধবার দু’দিনের রাজ্য সফরে এসে সিপাহীজলা জেলার সীমান্তবর্তী বক্সনগর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখেন।
