আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর ৷৷ পেশাগত দায়িত্ব পালন করতে দিয়ে গত ২০ সেপ্টেম্বর মান্দাইয়ে দুষ্কৃতিদের হাতে খুন হয়েছিল রাজ্যের তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক। এই ঘটনার ৬০ দিনের মাথায় মঙ্গলবার (২১ নভেম্বর, ২০১৭) ফের প্রকাশ্যে দিনের বেলায় রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেলস (TSR) জওয়ানের হাতে খুন হল রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা স্যন্দন পত্রিকার সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। মঙ্গলবার বোধজংনগর থানার অন্তর্গত আর কে নগর টি এস আর দ্বিতীয় ব্যাটিলিয়ানের জওয়ান নন্দু রিয়াং তাকে রহস্যজনক ভাবে গুলি করে হত্যা করে। ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতাল মর্গে ছুটে যান বিজেপি’র জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রামলাল গুপ্ত, বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, সহ-সভাপতি সুবল ভৌমিক, বিধায়ক সুদীপ রায় বর্মণ, আশিষ কুমার সাহা, দিলীপ সরকার সহ বিজেপি নেতৃত্বরা।রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক (৫০) হত্যার তীব্র নিন্দা করেন বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। তিনি এই ঘটনার ধিক্কার জানিয়ে আগামী ২৩ নভেম্বর ১২ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, এই ঘটনার স্পষ্টীকরণ দিক রাজ্য সরকার। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজ্যের মূখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পাসাপাশি আগামী ২৩ নভেম্বর ১২ ঘন্টার ত্রিপুরা বনধের সমর্থনে রাজ্যবাসীকে এগিয়ে আসার আহবান জানান।
পাশাপাশি সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এন এস ইউ এই আগামী ২৩ নভেম্বর ২৪ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে।
