আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যের ঐতিহ্য অনুযায়ী সোমবার সকাল থেকেই রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের ৬টি বুথে পুনরায় নির্বাচনে ভোটারগণ তাদের পবিত্র কর্তব্য সম্পাদন করেন। এই ৬টি বুথে ভোটার ছিল ৫৫৮২ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ৫০৫৬ জন। শতাংশের হিসেবে ভোট পড়েছে ৯০.৫৮ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশী ভোট পড়েছে ৪০-সাব্রুম বিধানসভা কেন্দ্রের ৪৮নং বুথে। সেখানে ভোট পড়েছে ৯৫.৫৫ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে ৪১-অম্পিনগর (এস টি) বিধানসভা কেন্দ্রের ৩৭নং বুথে। সেখানে ভোট পড়েছে ৮৪.৩৮ শতাংশ।সোমবার সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কনভারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে রাজ্যের মূখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্তি এই সংবাদ জানান। তিনি জানান, ২৬ ফেব্রুয়ারী (সোমবার) এবং ১৮ ফেব্রুয়ারী (রবিবার) এর ভোট নিয়ে ২০১৮ বিধানসভা নির্বাচনে সারা রাজ্যে মোট ভোট পড়ল ৯১.৫৩ শতাংশ। পোষ্টাল ব্যালটের হিসেব ধরলে এই সংখ্যা সামান্য হেরফের হতে পারে।
