আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুলাই ৷৷ বিদ্যালয় পরিদর্শন অব্যাহত রাখলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সোমবার শহরতলীর নন্দননগর উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। স্কুল পরিদর্শন করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় নন্দননগর উচ্চমাধ্যমিক স্কুলের সাফল্য, শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদানের পদ্ধতি সহ সামগ্রিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে স্কুলের প্রশংসা করেন শিক্ষামন্ত্রী।পূর্ববর্তী যে সমস্ত বিদ্যালয়গুলিতে পরিদর্শন করেছিলেন সেই বিদ্যালয়গুলি নিয়ম-নীতি সঠিকভাবে মানছে কিনা তা দেখার জন্য এদিন উমাকান্ত একাডেমী এবং মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আবারও পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
